সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ সৌদিতে চলমান হামলা সম্পর্কে মন্তব্য করেন।
তিনি বলেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য কোনো চুক্তি না থাকলেও সৌদি আরব ও পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হুতিদের হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।
খাজা আসিফ বলেন, ‘আমি মনে করি না, একটি রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি যুদ্ধক্ষেত্র খুলবে।’ ইরান এরই মধ্যে অঞ্চলটির একটি সংঘাতে জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যে ইসলামাবাদ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
হুতিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা নতুন করে বেড়েছে। এর মধ্যে সৌদি আরব অভিযোগ করেছে, হুতিরা ইসলাম ধর্মের পবিত্রতম শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে হুতিরা ওই অভিযোগ অস্বীকার করেছে।