ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে দিনব্যাপী এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে সরকারি ও বেসরকারি এলপিজি কোম্পানি, অপারেটর, পরিবেশক, খুচরা বিক্রেতা, অটোগ্যাস স্টেশন, ভোক্তা অধিকার সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ অংশ নেয়। এ সময় তারা এলপিজির মূল্য নির্ধারণে নিজেদের প্রস্তাব, ব্যয়ের হিসাব ও মতামত তুলে ধরে। এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন মূল্যহার নির্ধারণের সিদ্ধান্ত নেবে কমিশন।
বিইআরসি এক বার্তায় জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ গণশুনানির আয়োজন করা হয়।
শুনানিতে সরকারি এলপিজি কোম্পানি এলপি গ্যাস পিএলসি, বেসরকারি আবেদনকারী এবং এলপিজি অপারেটর, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে বিভিন্ন ব্যয়ের হিসাব ও মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি অটোগ্যাস স্টেশনগুলোর পক্ষ থেকেও মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
এ সময় কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন দল এলপিজির মূল্য নির্ধারণের আইনগত ভিত্তি, কমিশনের দায়িত্ব এবং দাম নির্ধারণে বিবেচ্য বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। শুনানিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ভোক্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ নিজেদের মতামত ও পর্যবেক্ষণ জানায়।
বিইআরসির চেয়ারম্যান শুনানিতে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে গণশুনানির পর লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগামী ১ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলো কমিশনের কাছে তাদের লিখিত মতামত পাঠাতে পারবে।
কমিশন জানিয়েছে, আবেদনকারীদের প্রস্তাব, কারিগরি মূল্যায়ন দলের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত পর্যালোচনা করে আইন ও বিধিবিধান অনুসরণ করে সরকারি ও বেসরকারি এলপিজির নতুন মূল্যহার নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজির দাম নিয়ে ভোক্তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দিলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে। সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি থাকলেও খুচরা বাজারে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগও রয়েছে।
এলপিজির মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয়, অপারেটরদের অন্যান্য খরচ এবং বিপণন পর্যায়ের ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন এবং বাজারে নির্ধারিত মূল্য কার্যকর করার বিষয়টিও ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ।
এ পরিস্থিতিতে এলপিজির নতুন মূল্যহার নির্ধারণের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর ব্যয়ের যৌক্তিকতা যাচাই এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় নেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।