মাঝআকাশে হঠাৎ ভয়াবহ পরিস্থিতি। সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত মূল পাইলট। একই সময়ে দ্রুতগতিতে নিচের দিকে ছুটছে উড়োজাহাজ। ককপিটের দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে আতঙ্কিত যাত্রীরা। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই।
শেষ পর্যন্ত আহত পাইলটের শেষ মুহূর্তের চেষ্টা এবং কয়েকজন যাত্রীর সাহসী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে থাকা ১৭৪ জন আরোহী।
ঘটনাটি ঘটে গত বুধবার। সকাল ৭টা ৫ মিনিটে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে উড্ডয়ন করে উড়োজাহাজটি। কিছুক্ষণ পর প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় স্থিরভাবে চলছিল এটি। কিন্তু যাত্রার দুই ঘণ্টার কিছু বেশি সময় পর হঠাৎ করেই উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।
প্রথমে অনেক যাত্রী বিষয়টিকে স্বাভাবিক ‘এয়ার পকেট’ বলে মনে করেছিলেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, পরিস্থিতি স্বাভাবিক নয়। উড়োজাহাজের বিদ্যুৎ–সংযোগ, মাল্টিমিডিয়া ব্যবস্থা ও শীতাতপনিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায়। করিডর কিংবা টয়লেটে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান। কেবিনজুড়ে শুরু হয় চিৎকার ও আতঙ্ক।
উড়োজাহাজ যখন খাড়া নিচের দিকে নামছিল, তখন ককপিটের ভেতর শুরু হয় আরেক ভয়াবহ ঘটনা। সহকারী পাইলট হঠাৎ ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছারকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে যান ক্যাপ্টেন। শরীর থেকে রক্ত ঝরছে, আর বাইরে তখন উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ছুটছে। এমন অবস্থাতেও হাল ছাড়েননি তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে স্মিথ মছার বলেন, তিনি বুঝতে পারছিলেন উড়োজাহাজটি খাড়া নিচের দিকে আছড়ে পড়তে যাচ্ছে। তখন ককপিটের দরজা খুলে দেওয়াকেই তিনি শেষ সুযোগ হিসেবে দেখেছিলেন। শেষ শক্তি দিয়ে দরজার লক খুলতে সক্ষম হন তিনি।
দরজা খুলতেই কয়েকজন যাত্রী দ্রুত ককপিটে ঢুকে পড়েন। সেখানে তাঁরা আহত ক্যাপ্টেনকে মেঝেতে পড়ে থাকতে এবং সহকারী পাইলটকে কন্ট্রোল প্যানেল নষ্ট করার চেষ্টা করতে দেখেন।
ককপিটে ঢোকা যাত্রীদের মধ্যে ছিলেন ইসরায়েলি প্লাম্বার ইয়ানিভ হায়ুন। তিনি দ্রুত সহকারী পাইলটকে জাপটে ধরেন এবং ককপিটের বাইরে টেনে নিয়ে আসেন।
এরপর শুরু হয় আরও এক দফা ধস্তাধস্তি। কয়েকজন যাত্রী মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। এ সময় একজন দন্তচিকিৎসক আহত ক্যাপ্টেনের চিকিৎসা শুরু করেন। পরে যাত্রীরা তারের হেডফোন দিয়ে সহকারী পাইলটকে বেঁধে ফেলেন।
হামলাকারীকে ককপিট থেকে বের করে আনার পরও বিপদ কাটেনি। উড়োজাহাজ তখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে।
ইয়ানিভ হায়ুন আবার ছুটে যান ককপিটে। তিনি কন্ট্রোল স্টিক ধরে উড়োজাহাজটিকে ওপরে তোলার চেষ্টা করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর পেছনের আসনে থাকা একজন পেশাদার পাইলট ককপিটে পৌঁছান। এরপর তিনি উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন।
গ্রিনিচ মান সময় ৫টা ২৮ মিনিটে উড়োজাহাজটি জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠাতে শুরু করে। কিছুক্ষণ পর এটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় এসে স্থিতিশীল হয়। এরপর ‘৭৫০০’ সংকেত পাঠানো হয়, যা উড়োজাহাজে বেআইনি হস্তক্ষেপ বা ছিনতাইয়ের চেষ্টার আন্তর্জাতিক সংকেত।
পরিস্থিতি সামলে ওঠার পর উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরের দিকে এগিয়ে যায়। সেখানে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়।
গ্রিনিচ মান সময় ৬টা ৫৮ মিনিটে, উড্ডয়নের প্রায় চার ঘণ্টা পর, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিল জরুরি চিকিৎসা ও নিরাপত্তা দল।
উড়োজাহাজে থাকা ১৭৪ জন আরোহীর পাশাপাশি আহত সহকারী পাইলট, রক্তাক্ত মূল পাইলট এবং সাময়িকভাবে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়া যাত্রী ইয়ানিভ হায়ুনকেও নিরাপদে নামিয়ে আনা হয়।
ভয়াবহ পরিস্থিতির মধ্যে আহত ক্যাপ্টেনের পাশে দাঁড়ান শোতা মুসায়েভ নামের এক দন্তচিকিৎসক। চিৎকার শুনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ককপিটের দিকে ছুটে যান।
ককপিটে গিয়ে তিনি দেখতে পান, পাইলটের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পুরো ফ্লাইটে তিনিই একমাত্র চিকিৎসক ছিলেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করে তিনি রক্তপাত বন্ধ করেন এবং পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করেন।
পরে ক্যাপ্টেন স্মিথ মছারকে সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে আবুধাবিতে নেওয়া হয়। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
মাঝআকাশে কয়েক মিনিটের সেই ভয়াবহ ঘটনায় একজন পাইলটের শেষ মুহূর্তের চেষ্টা, কয়েকজন যাত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং একজন চিকিৎসকের জরুরি সহায়তা মিলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।