২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা এবং দেশের বিচারব্যবস্থার ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে তিনি জানিয়েছেন, এই মামলায় ন্যায়বিচার পেয়েই তিনি আদালত ছাড়বেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তিশার জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিশা বলেন, ‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসতে হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই এখান থেকে যাব।’
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র প্রশাসক আমিনুল ইসলামের দাবি, ২০২৫ সালে তানজিন তিশা তাদের পেজ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন। শাড়িটির প্রচার চালানো এবং মূল্য পরিশোধের অঙ্গীকার করলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি।
ডিবির প্রতিবেদনের ভিত্তিতে গত ১২ জুলাই তিশার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। পরবর্তীতে গত ১৩ আগস্ট তিনি আত্মসমর্পণ করে জামিন পান।
অভিনেত্রী জানান, তার বিরুদ্ধে মামলায় যেসব তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শাড়ি আত্মসাৎ বা কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটেনি দাবি করে তিশা বলেন, শুধুমাত্র আইনের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি আদালতে উপস্থিত হচ্ছেন।
এদিকে তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি এবং অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে বিকেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে।