দীর্ঘ বিরতি ও পুরনো প্রেম-বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে ‘দেশু৭’-এ সপ্তম বার জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। তবে এ বার সমীকরণ আলাদা— নায়ক দেবই পরিচালকের আসনে। কেন এই দায়িত্ব নিলেন নিজের কাঁধে?
একসঙ্গে পর্দায় ফিরছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আপাতত ‘দেশু’ জুটি নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। এতগুলো বছর পরে শুধু জুটি হিসাবে তাঁদের প্রত্যাবর্তনই নয়, ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষত্ব। দেবের সঙ্গে শুভশ্রীর এটি সাত নম্বর ছবি। যে ছবির পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন দেব।
আগে অনেক সাক্ষাৎকারে নায়ক নিজেই জানিয়েছিলেন তাঁর পরিবার, বান্ধবী রুক্মিণী মৈত্র বহু বার ছবি পরিচালনা করার কথা বলেছেন। শুভশ্রীর সঙ্গে পর্দায় প্রত্যাবর্তনের জন্যই কি এই ছবিই বেছে নিলেন পরিচালনার জন্য?
সম্প্রতি সেই ব্যাখ্যা নিজেই দিয়েছেন দেব। তাঁর কথায়, ছবিটির জন্য দীর্ঘ দিন ধরেই পরিচালকের খোঁজ চলছিল। বেশ কয়েক জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু মনের মতো চিত্রনাট্য বা ভাবনা কোনওটাই মেলেনি।
দেব কেন ছবি পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন?
দেব বলেন, ‘‘সত্যি বলছি, অনেক পরিচালকের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। কিন্তু মনের মতো চিত্রনাট্য কেউ দিতে পারেননি। শেষে আমার টিমের সদস্যরাই বলল, যেন আমি নিজেই এই দায়িত্ব নিই।’’ সম্প্রতি, ছবির প্রচারমূলক একটি লাইভে এই ব্যাখ্যা দিয়েছেন নায়ক।
প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির পর্দার সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ দিয়ে। তার পর একে একে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-সহ একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের জুটির রসায়ন একসময় টলিউডের বাণিজ্যিক ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। মাঝের দীর্ঘ বিরতির পরে আবার সেই পরিচিত জুটিকে দেখতে পাবেন দর্শক।
দর্শকের কাছে তাই ‘দেশু৭’ শুধু দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনের গল্প নয়। একই ছবিতে পুরনো জুটি, নতুন মোড়ক এবং দেবের পরিচালনায় আত্মপ্রকাশ—তিনটি দিক মিলিয়ে ছবিটি যেন তাঁর কর্মজীবনেরও এক নতুন অধ্যায়ের ইঙ্গিত।