রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সংকটের মূল কারণগুলো সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।
তার ভাষায়, যে সংকটের সূত্রপাত মিয়ানমারে, তার সমাধানও মিয়ানমারেই হতে হবে।
বঙ্গোপসাগরকে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতির মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করেছে।
জাহাজ চলাচল, মৎস্যসম্পদ, পর্যটন, জ্বালানি এবং আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বঙ্গোপসাগরকে ঘিরে বড় ধরনের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সম্ভাবনা কাজে লাগাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এর মাধ্যমে নতুন বাজার উন্মুক্ত করার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ তৈরির পথও তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সংলাপ, অংশীদারত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাবে ঢাকা।
বঙ্গোপসাগরীয় অঞ্চলকে এমন একটি সহযোগিতামূলক অঞ্চলে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে দেশগুলো পারস্পরিক সুবিধা নিয়ে এগিয়ে যেতে পারে এবং নাগরিকদের মধ্যে অর্থবহ সহযোগিতা আরও বিস্তৃত হয়।
এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর প্রতিপাদ্য ‘Fragments, Frontiers, Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। সম্মেলনে বিশ্বের ১০০টির বেশি দেশের দুই শতাধিক বক্তা, তিন শতাধিক প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।