দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে।’ তাঁর দাবি, অতীতেও তারা তলে তলে একসঙ্গে ছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। সে সময় যারা পাশে ছিলেন না, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, একটি পক্ষ নিজেদের স্বার্থে রাজনীতি করে এবং ক্ষমতায় যাওয়ার জন্য নানা ধরনের রাজনীতি করছে। নির্বাচনের আগে মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও সেসবের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এক দফা-এক দফা করে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করা হচ্ছে। তাই যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।
ফেনীর সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর তিনি নানাবাড়ি ফেনীতে এসেছেন। তাঁর মা নেই উল্লেখ করে তিনি ফেনীবাসীর প্রতি আবেগঘন আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমার মা নেই, আপনারাই আমাকে দেখে রাখবেন।’ ফেনীতে এসে নিজের বাড়ির মতো অনুভূতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সরকার গঠন করলে কৃষক-দিনমজুর, অসহায়-দুস্থ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানির ব্যবস্থা করার কথা বলা হয়েছিল।
এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর মতে, এসব উদ্যোগের লক্ষ্য হলো প্রান্তিক মানুষকে সহায়তা করা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশের উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে। তাঁর দাবি, বিগত সরকারের সময়ে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এসব শিল্পকারখানা পুনরায় চালু করতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, দেশে বিনিয়োগ ও শিল্পকারখানা বাড়লে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। জনগণকে ন্যূনতম সহযোগিতা করা গেলে তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের ৭৭টি উপজেলায় কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ফেনীর ১০ জন নারীকে ফ্যামিলি কার্ড, ১০ জন কৃষক-কিষানিকে কৃষক কার্ড এবং ১০ জন ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতকে বার্ষিক সম্মানী ভাতা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী ফেনী সফরের অংশ হিসেবে এর আগে তিনি পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন। পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।