দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
তিনি বলেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি। সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে বিগত ১৭ বছরে যেসব উন্নয়নকাজ হয়নি, সেগুলো নতুন করে শুরু হয়েছে।
তিনি বলেন, বর্তমানে স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, মন্দির, সড়ক, সেতু ও কালভার্টসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ শুরু হয়েছে। পাশাপাশি মানবসেবায়ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দেশের বিভিন্ন খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এসব কার্যক্রম দেখে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
এ সময় জনগণের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে ধরে রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, পাড়া-মহল্লা, গ্রাম, হাটবাজার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।