• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সুপারিশের পরও ৫৭ জন বাদ, ৪৯তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন জারি

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৬৬৮ প্রার্থীর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে পিএসসির সুপারিশ পাওয়ার পরও নিয়োগ প্রজ্ঞাপনে স্থান হয়নি ৫৭ প্রার্থীর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী তাদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রশিক্ষণ ও শিক্ষানবিসকাল

প্রজ্ঞাপনে নিয়োগের বিভিন্ন শর্তও উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এর পাশাপাশি চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও সম্পন্ন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ সময়সীমা সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিসকালে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল থাকার অনুপযোগী মনে হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে।

বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে শেষ করা, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর সংশ্লিষ্টদের চাকরি স্থায়ী করা হবে।

চাকরি ছাড়লে ফেরত দিতে হবে প্রশিক্ষণের অর্থ

প্রশিক্ষণে যাওয়ার আগে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল থেকে অব্যাহতি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারনামা দিতে হবে। একই সঙ্গে একজন জামিনদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে।

শিক্ষানবিসকালে অথবা শিক্ষানবিসকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে পাওয়া বেতন-ভাতা, প্রশিক্ষণের জন্য নেওয়া অগ্রিম, ভ্রমণভাতা ও অন্যান্য অর্থের পাশাপাশি প্রশিক্ষণের পেছনে সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।

চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের আরও একটি ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড দিতে হবে। এতে নিজে বা পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ কিংবা প্রদান করবেন না—এ মর্মে অঙ্গীকার করতে হবে।

নিয়োগে রয়েছে আরও কিছু শর্ত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে বা বিয়ের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় সংশোধন অথবা নিয়োগ বাতিলের অধিকারও কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৩(১) উপবিধি অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় নিয়োগপ্রাপ্তদের নিজেদের ও পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণসংবলিত ঘোষণাপত্র সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

প্রতি পাঁচ বছর পর ডিসেম্বর মাসে সম্পত্তির মূল্য বৃদ্ধির হিসাবসংবলিত বিবরণীও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

যে বিষয়গুলোতে নিয়োগ পেয়েছেন প্রার্থীরা

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাংলা বিভাগে ৬১ জন, ইংরেজিতে ৪৪, রাষ্ট্রবিজ্ঞানে ৪৯, দর্শনে ২৭, অর্থনীতিতে ৩৬, প্রাণিবিদ্যায় ১২, ইতিহাসে ২৭, সমাজকল্যাণে ২২, রসায়নে ২৯, ইসলাম শিক্ষায় ১১, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩০, পদার্থবিদ্যায় ২২ এবং উদ্ভিদবিদ্যায় ২২ জনকে প্রভাষক পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া সমাজবিজ্ঞানে ১৫ জন, গণিতে ৩০, ভূগোলে ১৫, হিসাববিজ্ঞানে ২৬, মার্কেটিংয়ে ১০, ব্যবস্থাপনায় ৩১, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ১৭, মনোবিজ্ঞানে ৯, কৃষিবিজ্ঞানে ৪, পরিসংখ্যানে ১২, সংস্কৃতে ৩, গার্হস্থ্য অর্থনীতিতে ৬, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৪ এবং খাদ্য ও পুষ্টি বিভাগে দুজনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

৩ লাখের বেশি আবেদন, চূড়ান্ত সুপারিশ ৬৬৮ জনের

শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ আয়োজন করা হয়। ৬৮৩টি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন। পরে মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালে প্রকাশিত চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

তবে কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

চূড়ান্ত সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে পিএসসির সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জন প্রার্থী শেষ পর্যন্ত নিয়োগ প্রজ্ঞাপনে স্থান পাননি।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশের পরও ৫৭ জন বাদ, ৪৯তম বিসিএসের নিয়োগ প্রজ্ঞাপন জারি
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category