চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পাইলট কর্মসূচির উদ্বোধনী দিনে ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী’ প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, কৃষক কার্ডের প্রাক-পাইলট কর্মসূচি সফলভাবে শেষ হওয়ার পর চলতি বছর পাইলট পর্যায়ে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক এই কর্মসূচির আওতায় আসছেন।
এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ১ লাখ ৪৭ জন কৃষক কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। একই সঙ্গে ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ডের প্রিন্টেড কপি হাতে পাবেন।
মন্ত্রী বলেন, আগামীকালের অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। এর মধ্যে ১৩টি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ থাকবে এবং বাকি ৬৪ উপজেলাও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবে।
চলতি বছরের মধ্যেই ধাপে ধাপে ৪৩ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ কেনায় কৃষকদের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সরকারি সহায়তা ও কৃষি খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা আরও সহজে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
এ সময় কৃষি সচিব মো. সেলিম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।