মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের তালিকা পুলিশ হালনাগাদ করছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
তবে বিএনপির নেতাকর্মীদের ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগের সঠিক বিচার জনগণই করবে।
এদিকে সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।