• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে লিবিয়া প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট ১ ছেলের জানাজার সময় এলো আরেক ছেলের মৃত্যুর খবর সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গা সংকটের সমাধান এবং টেকসই প্রত্যাবাসনে চীনের আরও কার্যকর সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে চীনের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাতে রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, পারস্পরিক স্বার্থে এসব উদ্যোগ বাস্তবায়নে চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।

এ সময় মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এসব প্রকল্প দেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দুই দেশের মধ্যে আলোচনা আরও এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করে রাষ্ট্রপতি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ ও ১৯৮০ সালের চীন সফরের কথা উল্লেখ করেন। পাশাপাশি ২০২৬ সালের এপ্রিলে তাঁর নিজের এবং বাংলাদেশের জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্ব ও শিক্ষার্থীদের চীন সফরের কথাও তুলে ধরেন। এসব সফর ও দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করেছে বলে তিনি উল্লেখ করেন।

এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ ও অর্থায়নে সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে সম্মিলিত সামরিক হাসপাতালে জনগণের জন্য উন্মুক্ত জটিল ব্লাড ক্যান্সারের চিকিৎসায় চীনা দক্ষতা ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। জবাবে চীনের রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দেন।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। চীনের পক্ষ থেকে ডেপুটি চিফ অব মিশন ড. লিই ইউইন উপস্থিত ছিলেন।

Brand Logo
৩০ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category