ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একান্তই ‘দ্বিপক্ষীয় ইস্যু’ হিসেবে দেখছে সরকার। এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা স্পষ্ট করে জানান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত চায় এবং এই বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের যে রায়, গ্রেফতারি পরোয়ানা ও গুরুতর মামলার বিষয়গুলো রয়েছে—সেগুলো যুক্ত করেই দিল্লির সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।’
ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার নিজ বৈঠকেও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের দৃঢ় ও স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যখনই ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, সেখানেই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হচ্ছে।
শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো চাপ বা ভূমিকা রাখতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার এই বিষয়টিকে সম্পূর্ণভাবে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় বিষয় হিসেবে বিবেচনা করছে। ফলে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মতো কোনো তৃতীয় পক্ষকে যুক্ত করা বা তাদের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলে মনে করে সরকার।