রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহন এবং বহির্বিশ্বের সঙ্গে সরকারের কূটনৈতিক কৌশল নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের সুযোগ না পাওয়া এবং মার্কিন পারমাণবিক চুক্তির প্রভাব রূপপুর প্রকল্পে পড়বে না জানিয়ে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্লকে আবদ্ধ না থেকে সম্পূর্ণ নিজস্ব জাতীয় স্বার্থেই বিশ্ব রাজনীতির পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিং শেষে তিনি বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন।
রাশিয়া থেকে আসা রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমি এই বিষয়ে নিশ্চিত নই, তাই সরকারের পক্ষ থেকে অনুমাননির্ভর কিছু বলা ঠিক হবে না। তবে এটি নিয়ে কোনো বড় সংকট তৈরি হবে বলে মনে করি না এবং সরকারের কাছে এ সংক্রান্ত কোনো নেতিবাচক তথ্য নেই।’
ইউরেনিয়াম পাওয়ার অগ্রগতি জানিয়ে তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইউনিটের জ্বালানি বা ইউরেনিয়াম দ্রুতই দেশে পৌঁছাবে। নির্ধারিত প্রক্রিয়াতেই কাজ এগোচ্ছে, এতে কোনো বিলম্ব হবে না।’
যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি রূপপুর প্রকল্পে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তা মূলত পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ওপর ভিত্তি করে। এর কোনো ক্ষতিকর প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পড়ার সুযোগ নেই।’
তিনি বাংলাদেশকে একটি উদীয়মান নিউক্লিয়ার শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ কেবল পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে। দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের একাধিক বিকল্প ও প্রযুক্তিগত পথ খোলা রাখতে হবে। সামনে আরও নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হবে কি না, প্রযুক্তি ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ কেমন হবে এবং আমাদের স্থানীয় প্রকৌশলীদের উচ্চতর ট্রেনিং নিশ্চিত করা যাবে কি না—সবকিছু বিবেচনা করেই আমরা কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছি। বাংলাদেশ কেবল তার নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এ ধরনের চুক্তিতে যাবে।’
বৈশ্বিক মেরুকরণের মধ্যেও বাংলাদেশ শুরু থেকেই একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈশ্বিক দ্বন্দ্ব বা সংকট থাকা সত্ত্বেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সফল দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে এসেছেন।’
তিনি জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশ তার নিজস্ব অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থ রক্ষায় চীন, ভারত, রাশিয়া, আমেরিকা কিংবা তুরস্ক—যার সঙ্গেই প্রয়োজন, তার সঙ্গেই কূটনৈতিক ও কৌশলগত আলোচনা (এনগেজমেন্ট) বজায় রাখবে।’