কৈশোর মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ বয়সে বন্ধুত্ব, সামাজিক যোগাযোগমাধ্যম, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও দ্রুত জনপ্রিয় হওয়ার প্রবণতা শিক্ষার্থীদের আচরণে বড় প্রভাব ফেলে। পরিবার, বিদ্যালয় ও সমাজের যথাযথ দিকনির্দেশনার অভাবে কেউ কেউ নেতিবাচক বন্ধুত্ব, অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা কিশোর গ্যাংয়ের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
তবে মনে রাখতে হবে, টিকটক বা কোনো প্রযুক্তি নিজে সমস্যার মূল নয়; এর অনিয়ন্ত্রিত ও অনৈতিক ব্যবহারই সমস্যা তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের সৃজনশীলতা, জ্ঞান ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই প্রযুক্তি বন্ধ নয়, বরং এর দায়িত্বশীল ব্যবহার শেখানো প্রয়োজন। নানা কারণে এসব নৈতিক অবক্ষয় লক্ষণীয়। কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ ও সচেতনতাই পারে এ থেকে মুক্তির পথ দেখাতে।
নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ:
* পরিবারে সময় ও আন্তরিক যোগাযোগের অভাব;
* নেতিবাচক বন্ধুত্ব ও দলগত চাপ;
* অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার;
* দ্রুত ‘লাইক’, ‘ভিউ’ ও পরিচিতি পাওয়ার আকাঙ্ক্ষা;
* নৈতিক ও মানবিক শিক্ষার ঘাটতি;
* খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের পর্যাপ্ত সুযোগের অভাব।
অভিভাবকের করণীয়:
সন্তানকে শুধু শাসন নয়, সময় দিতে হবে এবং তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তার বন্ধু, অনলাইন কর্মকাণ্ড ও দৈনন্দিন আচরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। ডিজিটাল ব্যবহারের ক্ষেত্রে বয়সোপযোগী নিয়ম তৈরি করতে হবে। ভুল করলে অপমান না করে কারণ বোঝার চেষ্টা করতে হবে এবং ভালো কাজের প্রশংসা করতে হবে।
শিক্ষকের করণীয়:
শিক্ষককে শিক্ষার্থীর আচরণগত পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। বিদ্যালয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশ, মূল্যবোধের শিক্ষা, ডিজিটাল নিরাপত্তা, কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। ঝুঁকিপূর্ণ আচরণ দেখা দিলে দ্রুত অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে সমন্বিতভাবে ব্যবস্থা নিতে হবে।
বিদ্যালয় ও সমাজের করণীয়:
বিদ্যালয়কে নিরাপদ ও মানবিক পরিবেশ তৈরি করতে হবে। সমাজকে কিশোরদের জন্য খেলাধুলা, পাঠাগার, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের ব্যবহার বা প্ররোচিত করার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
লেখক:
সহকারী শিক্ষক,
বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা।