গুয়াহাটি পশ্চিমের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বলীন দেউড়ি জানিয়েছেন, ধৃত আসিফের দাবি নিমিষা আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ সেই তত্ত্ব মানতে নারাজ।
গুয়াহাটির হোমস্টে থেকে বছর বাইশের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শনিবার ভোরে গুয়াহাটির উপকণ্ঠে গারল এলাকার একটি হোমস্টে থেকে নিমিষা ঠাকুরিয়া নামে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় আসিফ আলি (২৬) নামে তাঁর এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ বা ঘরের মেঝেতে কোনও রক্তের দাগ মেলেনি।
গুয়াহাটি পশ্চিমের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বলীন দেউড়ি জানিয়েছেন, ধৃত আসিফের দাবি নিমিষা আত্মহত্যা করেছেন। কিন্তু পুলিশ সেই তত্ত্ব মানতে নারাজ। তিনি জানান, ওই ছাত্রীকে অচৈতন্য অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়। পরে তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হোমস্টের মালিক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিমিষার বাবার বন্ধু গৌতম দাস এনডিটিভি-কে জানান, শুক্রবার বিকেল ৫টা নাগাদ এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন নিমিষা। রাত ৮টা এবং ১০টার সময় ফোনে মাকে জানান, ওই দিন তিনি বন্ধুর বাড়িতেই থাকবেন। গৌতমের দাবি, “রাত ২টো নাগাদ নিমিষা কাঁদতে কাঁদতে তাঁর মাকে ফোন করে বলেন, ‘মা, ওরা আমাকে মেরে ফেলবে।’ তিনি এই কথাটি বারবার বলছিলেন। এর পরেই সম্ভবত তাঁর ফোন কেড়ে নেওয়া হয়।” আতঙ্কিত পরিবার আজারা থানায় গেলে পুলিশ জানায় এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাঁরা নিমিষার মৃত্যুর খবর পান।
হোমস্টের কেয়ারটেকার বিপুল বাইলুং জানিয়েছেন, রাতে তিনি এক পুরুষের চিৎকার শুনতে পান। তাঁর কথায়, “কেউ একজন চিৎকার করে বলছিলেন, ‘দাদা ওঠো, ওঠো।’ আমরা বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাইনি। রাস্তায় টহলরত পুলিশ আমাদের বাইরে দেখে জিজ্ঞাসাবাদ করে।” বিপুল জানান, পুলিশ চলে যাওয়ার পর তিনি ফের কান্নার আওয়াজ পেয়ে একটি ঘরে গিয়ে দেখেন, ওই যুবক নিমিষার নিথর দেহ ধরে মেঝেতে বসে আছেন। জানা গিয়েছে, তাঁরা ১০ নম্বর ঘরটি ভাড়া নিয়ে ৯ নম্বর ঘরও ব্যবহার করছিলেন।
কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই ঘটনার নেপথ্যে ‘লভ জিহাদ’-এর অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নামে এবং পথ অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।