• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব দায় আমার, আমায় ফাঁসি দেন- স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের খাবারের মান নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন প্রকৃত আসামি কানাডায়, নাম ও ঠিকানা মিলের কারণে সাজা ভোগ করছিলেন অন্যজন সরকারের ক্ষমতার ১ বছর পর দেখা যাবে তারা প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে শিক্ষা সফরের বাস ডোবায়, শিক্ষিকাসহ নিহত ২ নরসিংদীর ঘোড়াশালে স্কুল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নরসিংদীতে সড়কে পাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট ফেরত দিতে মাইকিং মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৫৩ লাল কার্ডে ব্রাজিলের বিশ্বরেকর্ড জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

১ নভেম্বর খুলছে না সেন্টমার্টিন, জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা

ফ্রন্টলাইন ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুম শুরুর আগে এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চূড়ান্ত চলাচলের অনুমতি পায়নি। ফলে দ্বীপে পর্যটক পরিবহন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন জাহাজমালিক ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

পরিবেশ সংরক্ষণের স্বার্থে এবার টেকনাফ ঘাট থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট দিয়ে দ্বীপে যেতে হবে। তবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় ১ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হচ্ছে না। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পর্যটক পরিবহনের জন্য প্রায় ১০টি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সরকারের চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা সম্ভব না হলে মালিকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপের প্রায় সাড়ে ১০ হাজার মানুষের জীবন-জীবিকা পর্যটনশিল্পের ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুম সামনে রেখে দ্বীপের দুই শতাধিক হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় প্রস্তুতি চলছে। কিন্তু জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি আরও বলেন, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন জেটির কাজ এখনো শেষ হয়নি। পর্যটকদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে জেটির পন্টুন ও প্ল্যাটফর্ম দ্রুত মেরামত করা প্রয়োজন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনী জাহান বলেন, পর্যটক পরিবহনে আগ্রহী জাহাজগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এবার টেকনাফ ঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না। ১ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হচ্ছে না। এ বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পর্যটন মৌসুম শুরু হওয়ার আগে জাহাজ চলাচলের অনুমোদন ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দ্বীপের পর্যটন খাতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পর্যটকদের যাতায়াত কবে শুরু হবে, এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী ও দ্বীপবাসী।

Brand Logo
২৯ অক্টোবর ২০২৬
১ নভেম্বর খুলছে না সেন্টমার্টিন, জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা
frontline.bd << নিউজ লিংক কমেন্টে >>


More News Of This Category