ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাঁদের আটক করা হয়। আটক তিন ভারতীয় একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের ৬১-আর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটজনকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা।
এ ছাড়া একই সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। তাঁরা হলেন গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮)।
বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক আটজনের মধ্যে তিনজন ভারতীয় এবং পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার জন্য বৃহস্পতিবার দুপুরে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বিজিবি আটক আটজনকে থানায় সোপর্দ করেছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।