পঞ্চগড়ের বোদা উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি ও শুনানির তারিখ নির্ধারণসহ বিভিন্ন কাজে সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নামজারির কাজ করে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা বা তারও বেশি দাবি করা হচ্ছে। ভূমি অফিসের কর্মচারী আল আমিন লাবুর বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া অফিস সহকারী হারুন অর রশিদের বিরুদ্ধে শুনানির তারিখ ও সিরিয়াল দেওয়ার জন্য এক হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সেবাগ্রহীতাদের দাবি, সরকারি নির্ধারিত ফি পরিশোধ করার পরও ভূমিসেবা পেতে তাঁদের বাড়তি টাকা দিতে হচ্ছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তির পাশাপাশি আর্থিক হয়রানির শিকার হতে হচ্ছে।
এ ঘটনায় নাম উঠে এসেছে সার্ভেয়ার আবু সোবেহরও। বর্তমানে তিনি দেবীগঞ্জে কর্মরত রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু সোবেহ বলেন, তিনি সপ্তাহে এক থেকে দুই দিন বোদায় গিয়ে দায়িত্ব অনুযায়ী কাগজপত্র যাচাই করেন। কেউ তাঁর নাম ব্যবহার করে টাকা নিলে সে বিষয়ে তাঁর জানা নেই বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, তিনি কিছু ভিডিও ও ছবি দেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূমি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।