আগামী ২ নভেম্বর নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হবে। পরে পর্যায়ক্রমে জামালপুর জেলা ও ময়মনসিংহ নগরীতেও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
আন্দোলনের কেন্দ্রে রয়েছেন গত তিন বছরে নিহত পাঁচ সংবাদকর্মী। তাঁরা হলেন নেত্রকোনার দুর্গাপুরের লুৎফুজ্জামান আলিফ ফকির, জামালপুরের বকশীগঞ্জের গোলাম রব্বানী নাদিম, জামালপুরের জ্যেষ্ঠ সাংবাদিক শেলু আকন্দ, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন এবং ময়মনসিংহ নগরীর স্বপন ভট্টাচার্য।
এসব হত্যাকাণ্ডের নেপথ্য কারণ, হামলাকারী ও পরিকল্পনাকারীদের পরিচয় এবং মামলাগুলোর বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক আগে হুমকি পেয়েছিলেন কি না এবং সে বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি জ্যেষ্ঠ সাংবাদিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ১৫ দিনের মধ্যে চার জেলার পাঁচটি হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া এবং সাংবাদিকদের হুমকির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কর্মসূচির প্রথম ধাপে আগামী ২ নভেম্বর সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ময়মনসিংহের সাংবাদিকদের জন্য সকাল ১০টায় পাটগুদাম ব্রিজ মোড় থেকে দুটি বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা থেকেও সাংবাদিকেরা নিজস্ব ব্যবস্থাপনায় কর্মসূচিতে যোগ দেবেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে স্বাধীন সাংবাদিকতা চরম ঝুঁকির মুখে পড়বে। এ কারণে দল-মতনির্বিশেষে সব সাংবাদিক সংগঠনকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আয়োজকদের প্রত্যাশা, সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা জোরদার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।