রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চিকিৎসকদের এই সংগঠন।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের পক্ষ থেকে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। ডা. জাহিদ হাসান সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, তাঁর কার্যালয়ে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস হওয়ায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঘটনার পর ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল জানিয়েছিলেন, অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী দুজনই সংগঠনটির আজীবন সদস্য। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংগঠনের নাম বা প্রভাব ব্যবহার করে কেউ কোনো অনিয়মে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
এরপরই ডা. জাহিদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ড্যাব। সংগঠনটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সই করা কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ডা. জাহিদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে যথাযথ ব্যাখ্যা জমা দিতে হবে।