বাবাকে হারানোর পর মায়ের স্নেহে বেড়ে উঠছিল পাঁচ বছর বয়সী শিশু রায়হান। প্রায় তিন বছর পর মায়ের নতুন সংসারের মধ্য দিয়ে তার জীবনে এলো নতুন বাবা। ভালোবাসার টানে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে রায়হানের মা শান্তিনা জাহান সিমিকে বিয়ে করেছেন দেশটির নাগরিক মিকাইল। শুধু জীবনসঙ্গী হিসেবেই নয়, সিমির সন্তান রায়হানকেও নিজের সন্তানের মতো ভালোবাসা ও আগলে রাখার দায়িত্ব নিয়েছেন তিনি।
ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শান্তিনা জাহান সিমির প্রথম স্বামী প্রায় তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে পাঁচ বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। একাই সন্তানকে বড় করে তুলছিলেন সিমি।
এ সময় ফিনল্যান্ডে বসবাসকারী এক আত্মীয়ের মাধ্যমে দেশটির নাগরিক সিমোলা মিকার (৩৮) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মুঠোফোনে নিয়মিত কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
সিমি ও তাঁর সন্তানকে নিজের জীবনের অংশ করে নিতে গত ২ অক্টোবর বাংলাদেশে আসেন মিকাইল। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। বাংলাদেশে এসে জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিষ্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। পরে নিজের নাম পরিবর্তন করে মিকাইল রাখেন। এরপর ধর্মীয় রীতি মেনে নিবন্ধিত কাজির মাধ্যমে ১০ লাখ টাকা দেনমোহরে সিমিকে বিয়ে করেন তিনি।
এই বিয়ের মধ্য দিয়ে সিমি ও মিকাইলের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে বাবাকে হারানোর পর ছোট্ট রায়হানের জীবনেও নতুন করে বাবার স্নেহ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মিকাইল ও সিমির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর ফিনল্যান্ডে ফিরে যাবেন মিকাইল। সেখানে গিয়ে সিমি ও রায়হানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ইউরোপে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
এদিকে তাঁদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। বিদেশি নাগরিকের বিয়ের খবর শুনে নবদম্পতিকে দেখতে অনেকেই তাঁদের বাড়িতে আসছেন। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় যুবক রাব্বি বলেন, তাঁদের এলাকায় একজন বিদেশি যুবক বিয়ে করতে এসেছেন, এমন খবর শুনে অনেকেই তাঁকে দেখতে এসেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, ভালোবাসার টানে বাংলাদেশের মেয়েরা যেমন বিদেশে যান, তেমনি বিদেশিরাও ভালোবাসার টানে বাংলাদেশে আসেন।
নতুন জীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমিও। তিনি বলেন, একসময় তাঁর মনে হতো, জীবন বুঝি শেষ হয়ে গেছে। কিন্তু মিকাইল তাঁকে ও তাঁর সন্তানকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। জীবনসঙ্গী হিসেবে তাঁকে পেয়ে তিনি খুবই খুশি। তাঁর কাছে মনে হচ্ছে, জীবনে নতুন করে ফিরে পেয়েছেন সুখের ঠিকানা।
সিমি আরও বলেন, ভালোবাসার ক্ষেত্রে ভাষা কোনো বাধা নয়, মনের ভাষাই আসল। তাঁরা দুজন একে অপরকে পেয়ে সুখে আছেন। সবচেয়ে বড় বিষয়, মিকাইল তাঁর ছেলেকে নিজের সন্তানের মতো আপন করে নিয়েছেন এবং ভালোবাসছেন।
মেয়ের নতুন জীবন নিয়ে আনন্দ প্রকাশ করেছেন বাবা রফিকুল ইসলামও। তিনি বলেন, মেয়ের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ায় তিনি খুশি। দুই পরিবারের সম্মতিতেই বিয়েটি সম্পন্ন হয়েছে। মেয়ে, জামাতা ও নাতি যেন সারা জীবন সুখে-শান্তিতে থাকতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিষয়টি দেখেছেন এবং এ সম্পর্কে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা লিখিত অভিযোগ জানানো হয়নি।
এদিকে বয়স কম হওয়ায় নিজের অনুভূতি প্রকাশের মতো অবস্থায় নেই শিশু রায়হান। তার ভবিষ্যতের কথা বিবেচনা করে মা সিমি তাকে ক্যামেরার সামনে আনতে সম্মতি দেননি। তবে মায়ের নতুন জীবনে রায়হানের জন্যও তৈরি হয়েছে নতুন এক পারিবারিক অধ্যায়।