নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে কন্টেন ক্রিয়েটর আলম মৃধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৭ অক্টোবর) ভোরে শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ভুক্তভোগী মাহমুদা আরেফিন শহরের বিলাসী এলাকায় তার নিজ জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। নির্মাণ কাজ চলাকালে আলম মৃধা, সুমনসহ বেশ কয়েকজন তার কাছে নগদ পাঁচ লাখ চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিথ্যা তথ্য ও নানা গল্প কাহিনী বানিয়ে তাদের ফেসবুক পেইজে পোস্ট করে। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সুনাম নষ্ট হয় এবং তার কাছ থেকে চাঁদা দাবীর অভিযোগে তিনি একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ এনামুল জানান, সাইবার সুরক্ষা আইনের ২৫ এর দুই ধারা এবং চাঁদাদাবীর অভিযোগে তার বিরুদ্ধ মাহমুদা আরেফিন নামে এক জন বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে শিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।