সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ইটপাটকেলের আঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার মধ্য তাহিরপুর এলাকায় এ সংঘর্ষ হয়। এর আগে মঙ্গলবার রাতে একটি মসজিদের মাইকে সকালে সবাইকে যার যা আছে, তা নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই ঘটনাস্থলে অবস্থান নেয়।
স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে মধ্য তাহিরপুর এলাকার একটি মাঠে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। এ সময় মাঠ থেকে একটি বল সড়কে চলাচলকারী ইজিবাইকের সামনের কাচে গিয়ে পড়ে। এ নিয়ে ইজিবাইকচালকের সঙ্গে বীরনগর গ্রামের এক কিশোরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর পরদিন বীরনগর গ্রামের এক যুবককে তাহিরপুর বাজারে মধ্য তাহিরপুর গ্রামের দুই ব্যক্তি মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্য তাহিরপুর, বীরনগর, ধুতমা, জয়নগর ও লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল।
মঙ্গলবার রাতে তাহিরপুর বাজারে দুই গ্রামের দুই যুবকের মধ্যে আবার হাতাহাতি হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বীরনগর গ্রামের মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে সকালে মাঠে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
বুধবার সকালে দুই পক্ষের লোকজন মাঠে জড়ো হলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, সংঘর্ষে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।