নরসিংদীর মাধবদীর খিলগাঁও গ্রামে পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবেশী রেখা বেগম ও আছিরুন বেগম গংদের বিরুদ্ধে ৫০ বছরের পুরনো এই রাস্তাটি বন্ধ করার এ অভিযোগ উঠেছে। এতে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এই অমানবিক পরিস্থিতি বজায় রাখায় অবরুদ্ধ পরিবারটির সদস্যরা বর্তমানে চরম দুঃখ, দুর্দশা ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। আর এই ঘটনাটি ঘটেছে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের মোঃ আবু কালাম পরিবারের।
রাস্তা বন্ধের কারণে চরম এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই বাড়িতে। স্থানীয়রা জানান, এই অবরুদ্ধ অবস্থায় বাড়ির কেউ মারা গেলে লাশ বের করার মতো কোনো বিকল্প পথও অবশিষ্ট নেই। সম্প্রতি এই সংকটের এক বাস্তব ও বেদনাদায়ক চিত্র ফুটে ওঠে যখন ওই বাড়ির এক মেয়ের বিয়ে ঠিক হয়। রাস্তা না থাকায় বরযাত্রীদের বিলের কাদা-পানি মাড়িয়ে অত্যন্ত কষ্ট করে বিয়ে করতে আসতে হয় এবং একইভাবে কনেকে নিয়ে বরপক্ষ বিদায় নেয়।
স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী পরিবারের বসতবাড়িতে প্রবেশের জন্য প্রধান সড়ক থেকে একটিমাত্র চলাচলের রাস্তা ছিল, যা প্রায় অর্ধশতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী রেখা বেগম ও আছিরুন বেগম গংরা রাস্তাটির ওপর পাকা দেয়াল এবং টিনশেড ঘর নির্মাণ করে তা পুরোপুরি বন্ধ করে দেয়। এর ফলে ভুক্তভোগী বাড়িটির বাসিন্দাদের বাইরে যাতায়াতের আর কোনো পথ অবশিষ্ট নেই।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে মাধবদী থানা, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চালান এবং রাস্তাটি খুলে দেওয়ার আদেশ দেন। বিষয়টি নিষ্পত্তির স্বার্থে রাস্তার জায়গার মূল্য হিসেবে ৬০ হাজার টাকা নির্ধারণ করে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিশোধের জন্য প্রদান করা করেও তার নিষ্পত্তি হয়নি। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদিল হয়ে যাবার কারণে অভিযুক্তরা নিষ্পত্তির আদেশটি অমান্য করে। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী পরিবার দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে নরসিংদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, ঘটনাটি আমি অবগত নই। তবে আমার পূর্ববর্তী কর্মকর্তা থাকাকালীন সময়ে এ বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা দেয়া হয়ে থাকতে পারে। ভুক্তভোগী পরিবারের লোকজন আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।