বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে যে ফ্যাসিস্ট সংগঠনটি নিষিদ্ধ হয়েছে, তারা এখন নতুন চক্রান্তে মেতে উঠেছে। আগামী ডিসেম্বরে লকডাউনের নামে তাদের নেত্রী দেশে ফিরবেন এমন গুজব ছড়িয়ে তারা দেশে একটি পরিকল্পিত সন্ত্রাসী ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত শারদীয় দূর্গাপুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
এসময় নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে প্রতিটি পূজামন্ডপে ভলান্টিয়ার টিম ও কঠোর নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিয়ে খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিস্ট সংগঠনের এবার তাদের প্রধান টার্গেট হতে পারে শারদীয় দুর্গাপুজা। এই আশঙ্কা থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। তাই আমাদের এবার আগের চেয়েও অনেক বেশি সতর্ক থাকতে হবে।
নরসিংদী পৌরসভার প্রশাসক সফি উল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।