রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নে মোমেন মিয়া হত্যা মামলার বাদীপক্ষের ওপর মামলার প্রধান আসামি ফরিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) চানপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকারের অনুসারীদের সঙ্গে মামলার আসামি ফরিদের লোকজনের চরম বিরোধ চলে আসছিল। এই পূর্ব শত্রুতার জেরে বিগত আগস্ট মাসে ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই মোমেন মিয়াকে বাড়িতে ঢুকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার ফরিদ ও তার সহযোগীদের অভিযুক্ত করে মামলা দায়ের করে।
স্থানীয়দের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আসামি ফরিদ ও তার লোকজন বাদীপক্ষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা মামলার বাদীর ওপর অতর্কিত হামলা চালায়। ফরিদ বাহিনীর এমন ক্রমাগত তাণ্ডব, মারমুখী আচরণ ও অস্ত্রের ভয়ে মোমেন সরকার চেয়ারম্যানের পক্ষের অনেক সাধারণ মানুষ ও সমর্থক দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারা নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারছেন না বলে দাবি করেছেন স্থানীয়রা।
হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী ও এলাকাবাসী এই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে এবং এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।