বান্দরবান সদর উপজেলায় সকাল থেকে নিখোঁজ থাকা তিন বছরের শিশু তায়িফা সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের খোঁজাখুঁজি ও থানায় সাধারণ ডায়েরির (জিডি) পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটির ফুফু নার্গিস সুলতানার (৪৯) কক্ষের একটি কাঠের বাক্সের ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফুফু নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তায়িফা সুলতানা সুয়ালক এলাকার ইলিয়াস খানের মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
পরবর্তীতে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, ফুফু নার্গিস সুলতানা তায়িফাকে নিজের কক্ষে নিয়ে যাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তার কক্ষে তল্লাশি চালায়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা একটি বাক্সের মুখ খুলে তার ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা তার ভাতিজিকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট কারণ জানাননি।
পরিবারের এক সদস্য জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নার্গিস সুলতানা তার ভাই ইলিয়াস খানের (শিশুটির বাবা) সঙ্গেই একই বাড়িতে থাকতেন। ধারণা করা হচ্ছে, শিশুটির মায়ের সঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলমান রয়েছে।