বরিশালে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে রাখা এক বাবাকে তার ৯ বছরের ছোট্ট মেয়ের চা-রুটি খাইয়ে দেওয়ার দৃশ্যটি অনেকের হৃদয়কে নাড়া দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।
এরপর গতকাল রবিবার বিকেলে সরেজমিন পরিদর্শনে এসে সেই আলোচিত শিশু কন্যা ও তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন উজিরপুর উপজেলার মানবিক নির্বাহী অফিসার মো. আলী সুজা। এ সময় শিশুটির কন্যার লেখাপড়ার দায়িত্ব এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারলে বাবার কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা বলেন, ‘অনিক শিকদার খারাপ অভ্যাস পরিবর্তন করে স্বাভাবিক জীবনে ফিরলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। তার শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নিয়েছি।
মারধরের শিকার রায়হানুল হক অনিক শিকদার বলেন, ‘স্থানীয় কতিপয় ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে আমাকে চোর আখ্যা দিয়ে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন করেছে।’ অপরদিকে বামরাইল বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার খবরে পরিবারের সবার অজান্তেই সেখানে ছুটে গিয়েছিল রায়হানুল আমার মেয়ে।
রায়হানুল হক অনিক তার কতিপয় বন্ধুর প্ররোচনায় আগে মাদকাসক্ত ছিলেন জানিয়ে তার স্ত্রী বলেছেন, ‘সে (অনিক) কোনো দিন চুরির সঙ্গে জড়িত ছিল না। পূর্বশত্রুতার জের ধরে কতিপয় ব্যক্তি তাকে (অনিক) জোরপূর্বক বেঁধে রেখে মারধর করে চোর বানাতে চেয়েছিল।
বামরাইলের প্রবাসফেরত ওমর খসরু তুহিন বলেন, ‘পারিবারিকভাবে তারা ভালো, সম্ভ্রান্ত ও সম্মানিত পরিবারের ছেলে। কিন্তু নেশার ভয়াল থাবা ধ্বংস করে দিয়েছে তার পুরো পরিবার ও বংশের মান-সম্মান। অনিক যথেষ্ট শিক্ষিত ও মার্জিত ছেলে।’
এদিকে সেই কন্যার খোঁজে ছুটে গিয়েছিল ওয়াব টিম। তাদের সহযোগিতা করে উজিরপুর থানা পুলিশ।
উই আর বাংলাদেশের (ওয়াব) প্রতিষ্ঠাতা ও সিইও এস এম আকবর তার ফেসবুক আইডিতে লেখেন, ‘মূলত অনিক শিকদার চোর না। অনিক শিকদারের বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তিনি অসুস্থ হওয়ার পর তার চিকিৎসা করাতে গিয়ে সবকিছু হারিয়েছে পরিবার। মাঝে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল অনিক। সেই সুযোগটা নিয়েছে স্থানীয় মাদক সিন্ডিকেট সদস্যরা।’
তিনি আরো বলেন, ‘তাকে আলোর পথে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছি আমরা। বিষয়টি নিয়ে উজিরপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। উজিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনিও আমাদের সাথে সম্মতি জানিয়েছেন এবং সার্বিকভাবে দেখাশোনা করবেন বলে জানিয়েছেন। ওয়াব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি অটোরিকশা কিনে দেব।’