রাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়ায় আবদুল বারী (৪০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর আগে তার দোকানে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন।
শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার রাশেলসহ তার দুই সহযোগী যুবক বাকির মোড় এলাকায় যায়। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি ভাঙিয়ে দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে তাদের সঙ্গে বারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
এতে ড্রেনের মধ্যে পড়ে গিয়ে রাসেলের মাথা ফেটে যায়। এর জের ধরে রাত পৌনে দুইটার দিকে রাসেলের নেতৃত্বে তার ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে বারীর বাড়ির সামনে যায়।
প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলেন তারা। পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন দেখে বারীসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন।
এ সময় হামলাকারীরা বারীকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর আসামিদের সনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।