মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
তিনি বলেন, যুব ও ছাত্রসমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চাকে গুরুত্ব দিতে হবে।
শুক্রবার নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, যুব, ছাত্র ও তরুণ সমাজ যাতে বিপথগামী না হয়, সেজন্য সমাজজুড়ে খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও নিজস্ব কৃষ্টি-কালচারের ব্যাপক প্রসার ঘটাতে হবে। তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারলে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে দূর করা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিদ্দিকুর রহমান নাহিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফাইনাল খেলায় স্কোটার গফুর একাদশ ও শালিধা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শালিধা একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্কোটার গফুর একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি খায়রুল কবির খোকন।