ইংরেজি ভাষায় দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পিকিং কম্পিটিশন ও অ্যাওয়ার্ডিং অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও পুরস্কার।
বিশ্বজুড়ে যোগাযোগ ও উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা ইংরেজি। এই ভাষায় শিক্ষার্থীদের কথা বলার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাব নরসিংদী আয়োজন করে এ প্রতিযোগিতার।
শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে। এ সময় তাদের উচ্চারণ, সাবলীলতা, শব্দচয়ন ও উপস্থাপনার দক্ষতা যাচাই করেন বিচারকরা।
আয়োজকদের দাবি, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে শিক্ষার্থীদের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী করে তুলতেই এ আয়োজন। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয় অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড কলেজ, নরসিংদীর অধ্যক্ষ ও ল্যাঙ্গুয়েজ ক্লাব নরসিংদীর চেয়ারম্যান এস এম নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।
ল্যাঙ্গুয়েজ ক্লাব নরসিংদীর সিইও ও সবুজ পাহাড় অনার্স কলেজের প্রভাষক শাহেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাঙ্গুয়েজ ক্লাব নরসিংদীর পরিচালক মোঃ মাজহারুল ইসলাম, ল্যাঙ্গুয়েজ ক্লাব বারৈচা ব্রাঞ্চ পরিচালক মামুনুর রশিদ মানিক, মনোহরদী ব্রাঞ্চ পরিচালক ইঞ্জি: হামিদুল হক বাবুল, রায়পুরা ব্রাঞ্চ পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ভাষা প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলছেন, নিয়মিত এমন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি হবে।