নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা মো: হালিম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযুক্ত পিতা দীর্ঘদিন যাবৎ তার নাবালিকা কন্যাকে তার নরসিংদী শহরস্থ শীলমান্দি মহল্লার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলো এবং তা ভিডিও ধারণ করে রাখত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পিতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদী সদরে বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা সামাজিক ও রাজনৈতিক ব্যানারে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নাবালিকার মামা সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি মাজার থেকে তাকে গ্রেফতার করে। এর আগেও তাকে গ্রেফতারের জন্য নরসিংদী,মুন্সীগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট জেলায় অভিযান চালিয়েছিল। গতকাল শুক্রবার বিকালে নরসিংদী মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।