নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশিকুর রহমান ।
গ্রেপ্তারকৃতরা হলো, মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ননিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) ও আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ননিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরেই তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত হৃদয় মিয়াকে ৯ আগস্ট, কাদির মিয়াকে ৩০ আগস্ট এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত জহুরা খাতুনের গলার সোনার চেইন চুরির উদ্দেশ্যে প্রায় ৭ থেকে ৮ মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে পরিকল্পনা করা হয়। গত ৩০ জুলাই ঘটনার দিন বিদ্যুৎ না থাকার সুযোগে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তারা। পরে আসামিরা জহুরা খাতুনের বাড়িতে প্রবেশ করে। তিনি নামাজরত অবস্থায় থাকাকালে তার ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে বিদ্যুৎ চলে আসে এবং তাদের চিনে ফেলে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ ও মাথায় আঘাত করা হয়। পরে তার গলার সোনার চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
তিনি আরো জানান, লুণ্ঠিত সোনার চেইন উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তার হ্নদয় ও কাদিরের বিরুদ্ধে এর আগেও পৃথক মামলা রয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন এবং মাধবদী থানার ওসি মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।